সারাদেশ

বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পণ্য খালাসে স্থবিরতা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৩:৩৯ পিএম

বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পণ্য খালাসে স্থবিরতা
বেনাপোল বন্দরে জলাবদ্ধতা। ছবি: ঢাকাপ্রকাশ

টানা তিনদিনের ভারী বর্ষণে বেনাপোল বন্দরের অভ্যন্তরে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বন্দর এলাকার বিভিন্ন শেড ও ওপেন ইয়ার্ডে হাঁটু সমান পানি জমে গেছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পণ্য খালাস ও পরিবহনের কাজ।

জলাবদ্ধতার কারণে ৯, ১২, ১৫, ১৬ ও ১৮ নম্বর শেডে পণ্য লোড-আনলোড কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যানবাহন চলাচলের পাশাপাশি নিরাপত্তাকর্মীদের চলাফেরাও কঠিন হয়ে পড়েছে।

benapol_customs1_Dhakaprokash.jpg
বেনাপোল বন্দরে জলাবদ্ধতা। ছবি: ঢাকাপ্রকাশ

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরেই বর্ষা মৌসুমে বন্দরে এ ধরনের দুর্ভোগের সৃষ্টি হলেও কার্যকর ব্যবস্থা নেয়নি বন্দর কর্তৃপক্ষ। সামান্য বৃষ্টিতেই বন্দরের ভেতরে হাঁটু পানি জমে যায়, যার মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে অপর্যাপ্ত ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা।

বন্দর সূত্রে জানা যায়, রেল বিভাগের অবহেলার কারণে সমস্যা আরও প্রকট হয়েছে। বন্দর পরিচালক শামিম হোসেন জানান, “রেল বিভাগ কালভার্ট না রেখে যত্রতত্র মাটি ভরাট করায় পানি নিষ্কাশনে বড় বাধার সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির পানি বের হওয়ার কোনো সুযোগ থাকছে না। তবে সমস্যা নিরসনে পাশের হাওড়ের সঙ্গে সংযোগ দিয়ে ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।”