সারাদেশ
ঋণের টাকার জন্য বিআরডিবি অফিসে তালাবদ্ধ করে রাখা হয় নারীকে
চুয়াডাঙ্গার জীবননগরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসে এক নারীকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী মোছা. নুরুন নাহার (৪৭) বাঁকা গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগ করেন, ঋণের টাকা না দিতে পারায় তাকে অফিসের ভেতরে আটকে রাখা হয় এবং গেটে তালা লাগিয়ে দেওয়া হয়।
অফিসের ভেতর থেকে মোবাইল ফোনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি টাকা দিয়ে দেব। কিন্তু এখন তো দিতে পারছি না। তারা জোর করে আটকে রেখেছে।”
এ সময় বাইরে দাঁড়িয়ে তার ছোট ছেলেকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সে বলে, “আমার মা অভাবের কারণে ঋণের টাকা দিতে পারেনি। আমরা ১০ হাজার টাকা নিয়ে এসেছিলাম। কিন্তু তারা পুরো ঋণের জন্য চাপ দেয়। পরে অফিসের আবেদা খালা আমার মাকে তালাবদ্ধ করে রাখে। আমি তাকে অনুরোধ করেছিলাম, মাকে না রেখে আমাকে আটকে রাখেন। কিন্তু তিনি শোনেননি।”
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিআরডিবির মাঠ কর্মকর্তা আবেদা খাতুন বলেন, “তিনি (নুরুন নাহার) ১৪ মাস আগে ৩ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। চার মাস আগে ঋণের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু তিনি টাকা ফেরত না দিয়ে বারবার সময় নিচ্ছিলেন। কখনো বলেন, ভাই হজে গেছে, কখনো বলেন ভাবি মারা গেছে। অফিস থেকে আমার বেতনও বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বাজার ও ওষুধ কিনে এসে দেখি কেউই তার দায়িত্ব নিতে চাইছে না। পরে গেট বন্ধ করে দিই। ছেলের সঙ্গে কথা বলার পর তালা খুলে দিয়েছি।”
জীবননগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, “ঘটনার বিষয়ে ফোনে জানতে পেরে আমি সেখানে যাই। এটি অনভিপ্রেত ঘটনা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”