সারাদেশ

আওয়ামী লীগ নেতাকে ধরতে আসা এসআইকে বটি দিয়ে কোপ, আটক ২


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৫:৪০ পিএম

আওয়ামী লীগ নেতাকে ধরতে আসা এসআইকে বটি দিয়ে কোপ, আটক ২
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় অভিযান চালানোর সময় এক আসামির ছুরিকাঘাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইসরাফিল আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড় সংলগ্ন পলান বক্স লেনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত, কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হারুন এবং তার ছেলে প্রণয়কে পুলিশ আটক করেছে। আটক হারুন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহসভাপতি এবং তার নামে থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুরাদ হোসেন এ বিষয়ে বলেন, "মামলার আসামি ধরতে গেলে ডিবি পুলিশের এসআই ইসরাফিলকে কুপিয়ে আহত করা হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।" তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম নিশ্চিত করেছেন, আহত পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত।