সারাদেশ

মাত্র সাড়ে ৬ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের শিশু আবদুর রহমান


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১০:৪৩ পিএম

মাত্র সাড়ে ৬ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের শিশু আবদুর রহমান
মুহাম্মদ আবদুর রহমান। ছবি: সংগৃহীত

মাত্র ৯ বছর বয়সে পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ করে হাফেজ হয়েছেন বাগেরহাটের শিশু মুহাম্মদ আবদুর রহমান। সময় লেগেছে মাত্র সাড়ে ছয় মাস। কেবল পরিবারের স্বপ্নপূরণই নয়, এই অর্জনে তাক লাগিয়ে দিয়েছেন পুরো এলাকাকে।

মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ফেরিঘাট সংলগ্ন মারকাজ ওমর আল ফারুক (রা.) মাদরাসার শিক্ষার্থী আবদুর রহমান উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরী গ্রামের মো. শহিদুল ইসলাম ও ফারজানা বেগম দম্পতির সন্তান। তিন ভাইবোনের মধ্যে সে দ্বিতীয়।

আবদুর রহমানের মা ফারজানা বেগম বলেন, “আমরা চেয়েছিলাম আমাদের সন্তান হাফেজ হোক। সেই ইচ্ছাতেই তাকে স্কুল থেকে তুলে নিয়ে মাদরাসায় ভর্তি করাই। আল্লাহর অশেষ রহমতে মাত্র ছয় মাস দশ দিনে সে আমাদের সেই স্বপ্ন পূরণ করেছে। আমরা খুবই আনন্দিত ও কৃতজ্ঞ।”

মাদরাসা পরিচালক হাফেজ মুফতি আবদুল কুদ্দুস আশরাফী জানান, “আবদুর রহমান পড়াশোনার শুরু থেকেই অত্যন্ত মনোযোগী ও মেধাবী। ৭ বছর বয়সে ভর্তি হয়ে প্রথমে নাজেরা ও নুরানি বিভাগ সম্পন্ন করে চলতি বছরের জানুয়ারি মাসে হিফজ শুরু করে। এমন উদ্যম, বিনয় ও অধ্যবসায় খুব কম শিশুর মধ্যে দেখা যায়।”

আবদুর রহমানও নিজের সাফল্যের পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বলেছে, “আমি চাই ভবিষ্যতে একজন আল্লাহভীরু আলেম হই, যেন দেশ, জাতি ও ইসলামের সেবা করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

আবদুর রহমানের এমন অর্জনে তার দাদা-দাদি থেকে শুরু করে পরিবারের সবাই খুশিতে আত্মহারা। এলাকাবাসীও আনন্দ প্রকাশ করেছেন শিশু হাফেজের এই ব্যতিক্রমী সাফল্যে।