সারাদেশ
‘ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে এখন থেকেই মাঠে নামতে হবে’
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেছেন, “দল এখন নির্বাচনমুখী। এই মুহূর্তে দল কোনো অন্যায় বা আপসের সঙ্গে যুক্ত হবে না। মনে রাখতে হবে, একজন নেতা-কর্মী দল ছেড়ে গেলে দলের কিছু আসে-যায় না। তাই সাবধান। অন্যায়ের সঙ্গে কেউ জড়াবেন না। যদি দলের কেউ অন্যায় করে এবং তাতে দলের ক্ষতি হয়, তাহলে দল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”
শনিবার (১৬ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আপনারা যদি কোনো গ্রামে বসেও দলের নামে অন্যায় করেন, সেই তথ্য আমাদের কাছে আসবেই। এখন থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। দলের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান অনেক পরীক্ষা দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। তাই চুয়াডাঙ্গার দুটি আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে (ফেব্রুয়ারি ২০২৬) ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। প্রার্থী যিনিই হোন না কেন, দলীয় প্রতীককেই জয়ী করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সমাবেশটি আয়োজন করে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আখতার হোসেন জোয়ার্দার। অনুষ্ঠানে কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, মো. সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. এম. এম. শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু জাফর মন্টু, জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন ও সদস্য সচিব এবং বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন।
এছাড়াও যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুর রশীদ ঝন্টু, মত্স্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিন, আইনজীবী ফোরামের আহ্বায়ক এড. আ স ম আব্দুর রউফ, জজকোর্টের পিপি এড. মারুফ সারোয়ার বাবু এবং ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন সভায় বক্তব্য দেন।
সমাবেশটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন। সমাবেশে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।