সারাদেশ

নুরের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম

নুরের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল
নুরের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল। ছবি: ঢাকাপ্রকাশ

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড় মুক্তমঞ্চের সামনে গণধিকার পরিষদ ও বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়।

নুরের উপর সেনাবাহিনী, পুলিশ এবং জাতীয় পার্টির নৃশংস হামলার প্রতিবাদ জানাতে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকা উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভ মিছিল এবং সমাবেশে অংশ নেয় বিপুল সংখ্যক ছাত্র-যুব, শ্রমিক ও সাধারণ মানুষ।

বক্তারা সরকার, সেনাবাহিনী ও পুলিশকে তীব্র সমালোচনা করে নিন্দা জানিয়ে বলেন, “জাতীয় পার্টি সরকারকে অবৈধভাবে ক্ষমতায় আনতে এবং সেনাবাহিনী ও পুলিশকে নিজেদের সহযোগী করে জনগণের উপর আক্রমণ চালাচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।”

বক্তারা সরকারের বিরুদ্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও সেনাপ্রধানের পদত্যাগের দাবি জানান। গণধিকার পরিষদের নেতারা এই হামলার নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত ভিপি নূরের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ইবনূর-রশিদ মাসুক বলেন, “ড. ইউনুসের সরকার এক বছর ক্ষমতায় গেলেও স্বৈরাচারীদের বিচার না করে আওয়ামী লীগদের পুনর্বাসন করছে। এই সরকার জনগণের স্বার্থ রক্ষা না করে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে।”

যুব অধিকার পরিষদের চুয়াডাঙ্গা জেলার সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ মাসুম বলেন, “আজ আমরা সকল ছাত্র-যুব এক কাতারে এসে হামলাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এই আন্দোলন শুধু হামলার বিচার নয়, বরং আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা এবং ভিপি নুরের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত রুখে দাঁড়াবো।”

ছাত্র অধিকার পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান (ভিক্টর) বলেন, “এ ধরনের হামলা আর সহ্য করা হবে না। যারা গণতন্ত্রের জন্য কাজ করছে, তাদেরই ওপর হামলা করা হচ্ছে। এটি গণতন্ত্রের জন্য বড় হুমকি।”

শ্রমিক অধিকার পরিষদের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মুস্তাক বলেন, “আমাদের নেতাকে হামলা করা হয়েছে, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।”

এছাড়া, বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার অর্থ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সদস্য সচিব মো. রয়েল জোয়ার্দার, ঝন্টু মিয়া, মো. হিরণ মিয়া, ছাত্র অধিকার পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রিয়াদ আলী, সাধারণ সম্পাদক সৌরভ এবং চুয়াডাঙ্গার ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীরা।