সারাদেশ
নানা আয়োজনে চুয়াডাঙ্গায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে উদযাপন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।
পরে বেলা ১১টায় সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিএমইএ’র সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুজ্জামান শরীফ।
সভা সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু। এছাড়া বক্তব্য রাখেন দলের অপর সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ হাসান মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় সরকারের সমালোচনা করে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন জোরদারের আহ্বান জানান। একইসঙ্গে বিএনপির ঐতিহ্য, আদর্শ ও ৪৭ বছরের রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।