সারাদেশ
যশোরে মাদকবিরোধী অভিযানে গিয়ে গণপিটুনির শিকার সিআইডি সদস্যরা (ভিডিও)
যশোরে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় স্থানীয়দের হামলার শিকার হয়েছেন সিআইডির চার সদস্য। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কনস্টেবল শহিদুল ইসলাম। তাকে তাৎক্ষণিকভাবে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে, যশোর শহরের রাজারহাট মোড় এলাকায়।
সিআইডি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যান এসআই হাবিব, এসআই তরিকুল ইসলাম, এএসআই মো. জাহিদ হোসেন ও কনস্টেবল শহিদুল ইসলাম। অভিযানে স্থানীয় বাসিন্দা মাসুদ রানার ছেলে তুষারকে আটক করা হলে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তুষারের পরিবারের লোকজন ও আশপাশের লোকজন সিআইডি সদস্যদের ‘ভুয়া পুলিশ’ বলে দাবি করে হামলা চালায় ও মারধর করে। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিআইডি সদস্যদের উদ্ধার করে।
ঘটনার পর তুষার একটি ভিডিও বার্তায় দাবি করেন, “দুজন ব্যক্তি আমাকে হঠাৎ করে কেয়া হোটেলের ভেতরে নিয়ে যায়। আমার কাছে থাকা ফোন ও ৫ হাজার টাকা নেয়। পরে তারা ইয়াবা দেখিয়ে ফাঁসানোর চেষ্টা করলে আমি প্রতিবাদ করি, তখনই হাতাহাতি হয়।”
তুষারের অভিযোগ অস্বীকার করে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোসা. সিদ্দিকা বেগম বলেন, “আমাদের সদস্যরা নিয়মিত অভিযানে যান। কাউকে অহেতুক হয়রানি বা ফাঁসানোর প্রশ্নই ওঠে না। তুষারের বিরুদ্ধে আগেও মাদকের মামলা রয়েছে।”
তিনি আরও জানান, ঘটনাটির পর সরকারি কাজে বাধা ও মাদক ব্যবসার অভিযোগে তুষারসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে কোতোয়ালি থানা পুলিশ কাজ করছে।