সারাদেশ
লিবিয়া প্রবাসীর লাশ পৌঁছাল ৩ মাস পর, এলাকায় শোকের ছায়া
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মিলন ভাগ্য ফেরানোর আশায় লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন। কিন্তু স্বপ্নপূরণের বদলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিন মাস পাঁচ দিন পর শুক্রবার (১২ সেপ্টেম্বর) তার লাশ নিজ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মিলনের মৃত্যু লিবিয়ায় ৬ জুন ঘটে। আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে অন্ধকার। এরপর শুরু হয় লাশ দেশে ফেরানোর দীর্ঘ আইনি প্রক্রিয়া। অবশেষে সব বাধা পেরিয়ে শুক্রবার মিলনের নিথর দেহ প্রিয় মাতৃভূমিতে ফিরে আসে।
গ্রামে তার লাশ পৌঁছানোর খবরে শত শত মানুষ মিলনের বাড়িতে ভিড় জমান। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা বলেন, মিলন ছিলেন হাসিখুশি ও কর্মঠ যুবক, তার এমন করুণ পরিণতি কেউ মেনে নিতে পারছেন না।
পরিবারের সদস্যরা জানান, সংসারের আর্থিক সচ্ছলতা ফেরাতে মিলন বিদেশে গিয়েছিলেন। কিন্তু তার লাশ হয়ে ফিরে আসায় সব স্বপ্ন ভেঙে গেছে। অকাল মৃত্যুতে পরিবার ও এলাকার মধ্যে গভীর শোক বিরাজ করছে।