সারাদেশ
ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন জামায়াত নেতা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে যুব জামায়াতের এক নেতাকে স্থানীয়রা আপত্তিকর অবস্থায় আটক করেছে। অভিযুক্ত ব্যক্তি বিল্লাল হোসেন, যিনি কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কমলাপুর গ্রামের ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক চলছিল। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করলে পরিবারের সদস্যরা তাকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে কিছু সময় আটকে রেখে মারধর করে ছেড়ে দেয়।
ঘটনাটি প্রথমে স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে গোপন রাখার চেষ্টা করা হলেও মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে এবং এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, “বিল্লাল হোসেনকে বৃহস্পতিবার রাতে আমরা সরাসরি ঘরে পেয়ে আটক করি। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।”
অভিযোগ অস্বীকার করে বিল্লাল হোসেন বলেন, “আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।”
কালীগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ জানান, “বিষয়টি আমার জানা নেই। তবে সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা লোকমুখে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”