সারাদেশ

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭.৪৬ মেট্রিকটন ইলিশের প্রথম চালান পৌঁছালো


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭.৪৬ মেট্রিকটন ইলিশের প্রথম চালান পৌঁছালো
ছবি: ঢাকাপ্রকাশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির প্রথম চালান পৌঁছেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে মোট ৩৭ দশমিক ৪৬ মেট্রিকটন ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন।

বন্দর সূত্রে জানা গেছে, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান—ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল—এই চালান আমদানি করেছে। আর বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে মোট ১ হাজার ২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। অনুমোদন পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানির কাজ শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার। মঙ্গলবার রাতেই বেনাপোল স্থলবন্দর কার্গো ভেহিকেল টার্মিনাল দিয়ে কাভার্ড ভ্যানে করে ইলিশ মাছ বোঝাই ট্রাকগুলো ভারতে প্রবেশ করেছে।