সারাদেশ

১৭ বছর পর নিজ এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ এএম

১৭ বছর পর নিজ এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
১৭ বছর পর নিজ এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ। ছবি: সংগৃহীত

দীর্ঘ সাড়ে ১৭ বছর পর নিজ জন্মভূমি যশোরের কেশবপুরে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে কেশবপুরে লিফলেট বিতরণ করতে যান তিনি।

তার আগমনের খবরে মোড়ে মোড়ে জড়ো হন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। ফুলের মালা, স্লোগান আর মোটরসাইকেল-মাইক্রোবাসের দীর্ঘ বহরে তাকে বরণ করে নেয় দলীয় কর্মীরা।

ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে শ্রাবণ পারিবারিকভাবে অনেকটা একঘরে হয়ে পড়েন। তার বাবা মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। শ্রাবণের আরও তিন ভাইও যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পরিবারের রাজনৈতিক আদর্শ থেকে ভিন্ন পথে হেঁটে বিএনপির রাজনীতিতে জড়ানোয় বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়, এমনকি পারিবারিক অনুষ্ঠানগুলো থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখেন তিনি।

তবে দীর্ঘ সময় পর এলাকায় ফিরে এক আবেগঘন পরিবেশে নেতাকর্মীদের উদ্দেশে শ্রাবণ বলেন, "এক যুগের বেশি সময় পর কেশবপুরে এসেছি। মানুষের ভালোবাসা আমার জীবনের বড় শক্তি। আমি কেশবপুরের ঘরে ঘরে পৌঁছে দেব বিএনপির ৩১ দফার বার্তা। এখানে কোনও চাঁদাবাজ থাকবে না, থাকবে না ভয়ের পরিবেশ। মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, সেই কেশবপুর গড়াই আমার লক্ষ্য।"

এ সময় তিনি জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেশবপুর আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন। তার দাবি, "যদি দল মনোনয়ন দেয়, তাহলে বিএনপির ৪৬ বছরের হারানো আসন আমরা পুনরুদ্ধার করতে পারব ইনশাআল্লাহ।"

সফরের শুরুতে শ্রাবণ যশোর শহরের কারবালা কবরস্থানে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এবং কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু বকর আবুর কবর জিয়ারত করেন।