সারাদেশ

বেনাপোলে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

বেনাপোলে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
ছবি: ঢাকাপ্রকাশ

কার্গো ট্রাক থেকে শাড়ি, থ্রি-পিস, ওষুধ, কসমেটিকস ও মোটরসাইকেলের টায়ার জব্দ হয়েছে। বেনাপোলে অভিযান চালিয়ে আড়াই কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এসময় ট্রাকচালক ও হেলপারসহ দুজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীর সার্বিক নির্দেশনায় বেনাপোল বিওপি থেকে অভিযানে নামা হয়। বেনাপোল বাইপাস সড়ক থেকে মাগুরা কার্গো সার্ভিসের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) থামানো হয়। সন্দেহজনক মনে হলে ট্রাকটি বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিতে ট্রাকের ভেতর থেকে ১,৪৭৬ পিস ভারতীয় শাড়ি, ২১৫ পিস থ্রি-পিস, ১০,৬৯৩ পিস বিভিন্ন ধরনের ওষুধ, ৭৪,৪৫৫ পিস কসমেটিকস, মোটরসাইকেলের দুটি টায়ার এবং কার্গো ট্রাকটি জব্দ করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় এগুলো বাজেয়াপ্ত করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা।

আটককৃত ট্রাকচালক আব্দুল মালেক ও হেলপার অন্তর কর্মকারকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, বেনাপোলের নামাজগ্রামের মো. বিল্লালের সঙ্গে ২০ হাজার টাকার বিনিময়ে এসব মালামাল ঢাকার মিরপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এ বিষয়ে লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ মালামাল দেশে প্রবেশ করতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। তারই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামাল ও আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।