সারাদেশ
দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে বাংলাদেশ-ভারতের বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
ভারতের পক্ষ থেকে পূজার ছুটি উপলক্ষে ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী।
তিনি বলেন, "পাঁচ দিনের ছুটির কারণে পেট্রাপোল বন্দরে পণ্যের জট তৈরি হয়েছে। ৪ অক্টোবর (শনিবার) থেকে আবার বাণিজ্য কার্যক্রম চালু হবে।"
এদিকে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, "ভারতের সিঅ্যান্ডএফ এজেন্টদের পাঠানো চিঠির মাধ্যমে পাঁচ দিনের ছুটির বিষয়টি আমাদের জানানো হয়েছে। এতে বেনাপোল বন্দরের বিপুল পরিমাণ রপ্তানিযোগ্য গার্মেন্টস কাঁচামাল আটকে পড়বে, যা বাংলাদেশের শিল্পখাতে প্রভাব ফেলতে পারে।"
তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে, জানিয়েছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন বলেন, "বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১ ও ২ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। তবে ভারতীয় রপ্তানিকারকরা ২৮ সেপ্টেম্বর থেকেই আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।"
এছাড়া তিনি জানান, বন্দর ও কাস্টমস ভবনের অভ্যন্তরীণ কার্যক্রম চলমান থাকবে। বন্দরে খালাসকৃত পণ্য ভারতে ফেরত পাঠানো হলেও নতুন করে আমদানি বা রপ্তানির কোনো কার্যক্রম এই পাঁচ দিনে হবে না।