সারাদেশ

দুর্গাপূজার ছুটিতে বেনাপোল চেকপোস্টে যাত্রী পারাপার বৃদ্ধি


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

দুর্গাপূজার ছুটিতে বেনাপোল চেকপোস্টে যাত্রী পারাপার বৃদ্ধি
ছবি: ঢাকাপ্রকাশ

দীর্ঘদিনের নীরবতা ভেঙে দুর্গাপূজার ছুটিতে আবারও সরব হয়ে উঠেছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট। ভারতের উদ্দেশ্যে পাসপোর্টযাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে। কেউ যাচ্ছেন দুর্গাপূজার উৎসবে অংশ নিতে, কেউ চিকিৎসার জন্য আবার কেউবা পরিবার-পরিজন নিয়ে ভ্রমণে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত দুই দিনেই বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রায় সাড়ে ৪ হাজার পাসপোর্টযাত্রী ভারতে গেছেন। অন্যদিকে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ভারতীয় নাগরিকও এ চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান বন্ধ করে দেয়। যদিও পরবর্তীতে সীমিত আকারে চিকিৎসা ভিসা ও জরুরি ভিসা প্রদান করা হয়, তখন প্রতিদিন মাত্র ৭০-৮০ জন যাত্রী ভারত যেতেন। কিন্তু এ বছরের ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারত সরকার ভিসা প্রদানে শিথিলতা আনায় যাত্রী সংখ্যা হঠাৎই বেড়ে গেছে। বর্তমানে প্রতিদিন গড়ে ২ হাজার থেকে আড়াই হাজার বাংলাদেশি যাত্রী ভারতে যাচ্ছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি বলেন, “বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতগামী যাত্রীদের চাপ দৃশ্যমানভাবে বেড়েছে। গত দুই দিনে প্রায় সাড়ে ৪ হাজার পাসপোর্টযাত্রী ভারত গমন করেছেন। যদি আগের মতো বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান স্বাভাবিক হয়, তবে যাত্রী পারাপার আরও বাড়বে এবং সরকারি রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।”

বেনাপোল চেকপোস্টে হঠাৎ বেড়ে যাওয়া যাত্রীদের কারণে ইমিগ্রেশনে জমে উঠেছে কোলাহলপূর্ণ পরিবেশ। তবে যথাযথ যাচাই-বাছাই শেষে যাত্রীদের ভারত ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।