সারাদেশ

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ৫৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ৫৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ১০ হাজার টাকা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন জোয়ার্দ্দারপাড়া এলাকায় এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় মাদককারবারি নাজমুল হোসাইন (৩৮) গ্রেফতার হন। তিনি দামুড়হুদা থানার রামনগর ক্লাবমোড় এলাকার মৃত মানোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, নাজমুল হোসাইন চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড় থেকে বড়বাজারের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপে মোড়ানো ৩০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১৯০টি করে মোট ৫,৭০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

অভিযানকালে নাজমুলের এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত নাজমুল হোসাইন ও পলাতক সহযোগীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, “মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি কার্যকর করা হয়েছে। জেলা পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে। এবারের অভিযানে বড় সাফল্য এসেছে।”

ডিবি পুলিশের এ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) জুম্মান খান। তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মো. নাহিরুল ইসলাম, এসআই (নিঃ) মুহিদ হাসান, এএসআই (নিঃ) মো. মোত্তালেব হোসেন এবং এএসআই (নিঃ) আবু আল ইমরান।