সারাদেশ

ভারতের পশ্চিমবঙ্গে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১৫ বাংলাদেশিকে রবিবার বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে চারজন শিশু, চারজন নারী ও সাতজন পুরুষ রয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তলুইগাছা বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল কাশেম জানান, সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তে শূন্যরেখায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিজিবি ও ভারতের বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএসএফ ১৫ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরে রাত ১০টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।

আটকরা জানিয়েছেন, তারা ভারতের একটি শহরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ভারত সরকার এই ধরনের বাংলাদেশিদের দেশে ফেরানোর জন্য মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা জারি করেছে। গত শনিবার সকাল ১০টার দিকে তারা আমুদিয়া বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন।