সারাদেশ
ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগ নেতা দর্শনায় গ্রেপ্তার
ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জেলা জজ কোর্টের আইনজীবী এসএম মনিরকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা বন্দর দিয়ে ভারতে প্রবেশের সময় ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই তারেক।
আটক এসএম মনির গোপালগঞ্জ সদর উপজেলার ব্যাংক পাড়া এলাকার জহিরুল হকের ছেলে। তার বিরুদ্ধে গত ২২ জুলাই গোপালগঞ্জ সদর থানায় একটি নাশকতা ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, এনসিপি’র একটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সহিংস পরিস্থিতি সৃষ্টি ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার ঘটনায় তিনি জড়িত ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে দর্শনা থানায় হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ। এ ঘটনায় থানায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।