সারাদেশ
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের আলোকে ধাপে ধাপে সনদটি বাস্তবায়ন করা হবে।”
শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান বলেন, “আওয়ামী লীগ আমলে দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলা হয়েছিল। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নানা ক্ষেত্রে দলীয় প্রভাব বিস্তার করা হয়েছিল।”
তবে তিনি আশ্বস্ত করেন, যারা প্রশাসনে দায়িত্বে ছিলেন কিন্তু কোনো অপরাধে জড়িত ছিলেন না, তারা দেশ ও রাষ্ট্রের স্বার্থে আগামীতেও দায়িত্ব পালন করতে পারবেন। আর যেসব কর্মকর্তারা দলীয় স্বার্থে অপব্যবহার করেছেন কিংবা অপরাধে যুক্ত ছিলেন, তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
‘জুলাই সনদ’ প্রসঙ্গে দেশের বিভিন্ন মহলে আলোচনার মধ্যে অ্যাটর্নি জেনারেলের এমন বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় পর্যবেক্ষকরা। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী প্রশাসন, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক কাঠামোয় কাঙ্ক্ষিত সংস্কার আনা হবে বলেও আভাস দেন তিনি।
এর আগে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ও স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল।
জেলা প্রেসক্লাবের সহ সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ খান সুমন, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশাসহ অন্যান্যরা।