সারাদেশ

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পিএম

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
৯টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক। ছবি: ঢাকাপ্রকাশ

বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে ৯টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.০৪৯ কেজি, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা।

বুধবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি’র একটি বিশেষ টহল দল। অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. সফিয়ার রহমান।

আটককৃত ব্যক্তি হলেন- মো. মনিরুজ্জামান (৩৭), পিতা: কাদের আলী সর্দার, গ্রাম: পুটখালী উত্তরপাড়া, পোস্ট: বালুন্ডা, থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোর।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, মনিরুজ্জামানকে পুটখালী উত্তরপাড়ার একটি পাকা রাস্তার পাশ থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৯টি স্বর্ণের বার।

আটক স্বর্ণ ও পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারি অফিস, যশোরে জমা দেওয়া হয়েছে এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার (পিবিজিএম, পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি’র তৎপরতা অব্যাহত রয়েছে।