সারাদেশ

চুয়াডাঙ্গায় ভুয়া মানবাধিকার কর্মী সেজে প্রতারণা: নারী সহযোগীসহ যুবক আটক


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পিএম

চুয়াডাঙ্গায় ভুয়া মানবাধিকার কর্মী সেজে প্রতারণা: নারী সহযোগীসহ যুবক আটক
খালিদ ও তার নারী সহযোগী রোজা ইসলাম। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গা শহরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে খালিদ হোসেন (৩৫) নামে এক যুবককে নারী সহযোগীসহ আটক করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে শহরের শ্যামলীপাড়া (শ্যাকড়াতলা) মোড়ে স্থানীয়দের হাতে তারা ধরা পড়েন।

আটক খালিদ আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার শফিউল ইসলামের মেয়ে জামাই। তার নারী সহযোগীর নাম রোজা ইসলাম, তিনি শহরের মুক্তিপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, খালিদ দীর্ঘদিন ধরে নিজেকে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়ে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। নিজ এলাকায় প্রতারণা করে সুবিধা নিতে ব্যর্থ হয়ে তিনি শ্বশুরবাড়ি এলাকায় এসে নতুন করে প্রতারণার জাল বিস্তার করেন।

শনিবার সন্ধ্যায় বাগানপাড়ার একটি নির্জন বাড়িতে খালিদ ও তার নারী সহযোগী রোজা ইসলাম মিলে এক ব্যক্তিকে ফাঁসাতে ফাঁদ পাতে। পরিকল্পনা অনুযায়ী, ভিকটিমের কাছে মাদক সরবরাহ করে তাকে ফাঁসানোর চেষ্টা চলছিল। তবে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে এক বোতল নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করে।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালিদ ও রোজাকে আটক করে থানায় নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “আটক খালিদ নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয় দিয়ে অতীতেও থানায় বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, খালিদ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছিলেন। তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।