সারাদেশ

দেশে যারা আছেন তারা যেন কেউ পালাতে না পারেন: দুদক চেয়ারম্যান


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:০০ পিএম

দেশে যারা আছেন তারা যেন কেউ পালাতে না পারেন: দুদক চেয়ারম্যান
ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, “বিগত সরকারের দুর্নীতির অভিযোগে দুদক ইতোমধ্যে মামলা দায়ের করেছে। কিছু মামলায় অভিযোগপত্র দাখিল হয়েছে, কিছু মামলা এখনও তদন্তাধীন রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রীসহ অনেকে পাশের দেশে পালিয়ে গেছেন। তবে যারা এখনো দেশে আছেন—তারা যেন কেউ পালাতে না পারেন, সে বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। আমরা আশা করি, এবার যারা নির্বাচনে অংশ নেবেন, তারা যেন অতীতের মতো দুর্নীতি না করেন। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে পারলে একটি কল্যাণমূলক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তখন দুর্নীতি দমন কমিশনের মতো সংস্থারও আর প্রয়োজন পড়বে না।”

গণশুনানিতে জেলার ২৬টি সরকারি দফতরের মোট ৭৫টি অভিযোগ শুনানি করে দুদক। এর মধ্যে ৩৩টি অভিযোগের সমাধান দেওয়া হয়, ৭টি অভিযোগ খারিজ করা হয়, এবং বাকি ৩৫টি অভিযোগ জেলা প্রশাসনের মাধ্যমে পর্যালোচনার জন্য পাঠানো হয়।

গণশুনানির আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলি আকবর আজিজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় আরও বক্তব্য দেন দুদকের মহাপরিচালক আকতার হোসেন, খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের।

গণশুনানিতে চুয়াডাঙ্গা জেলার সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যাংক প্রতিনিধিসহ শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ নাগরিকেরা অংশগ্রহণ করেন।