সারাদেশ

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় 'সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়' প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা সমবায় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের কোর্ট মোড় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর কলেজের প্রভাষক আয়েশা আক্তার রিতা। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন।

আলোচনা সভায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সমবায়ী আব্দুল আলিম ও মোক্তার হোসেনও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সমবায় কার্যক্রম, সদস্য সংখ্যা এবং সংগৃহীত মূলধনসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

চুয়াডাঙ্গা জেলায় বর্তমানে ১৩টি কেন্দ্রীয় এবং ১,৬৩০টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে। এই সব সমিতিতে মোট ৬৪,২৯০ জন ব্যক্তি সদস্য রয়েছেন, যার সংগৃহীত মূলধন দাঁড়িয়েছে ৭ কোটি ৩৭ লাখ টাকা।

অনুষ্ঠানে ৬ জন সুবিধাভোগী নারী ও পুরুষের হাতে ঋণের চেক প্রদান করা হয়। এছাড়াও ৫ জন সমিতির সদস্যকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।