সারাদেশ
ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ ভেঙে দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ও সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল থেকে শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভ ভেঙে দিয়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে বুলডোজার ব্যবহার করে স্তম্ভটি গুঁড়িয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা লকডাউন, যানবাহনে অগ্নিসংযোগ ও রাজনৈতিক নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে পৌঁছালে আন্দোলনকারীরা সেখানে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভটি ভেঙে ফেলেন।
এর আগে চলতি বছরের ৫ আগস্ট, চব্বিশে জুলাই আন্দোলনের সময় একই স্তম্ভ ভাঙচুর করা হয়েছিল। পরে এর কিছু অংশ অবশিষ্ট ছিল, যা আজ সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাইদুর রহমান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ অতীতেও আগুন-সন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, দেড় হাজারের বেশি শহিদ হয়েছে। এখনো তারা সেই পথেই হাঁটছে। তাই বিক্ষুব্ধ ছাত্র জনতা আজ প্রতিরোধের প্রতীক হিসেবে ‘এক তর্জনী’ স্তম্ভ ভেঙে দিয়েছে।”
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভটি ভেঙে দিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।”