সারাদেশ

কালোজিরা ভেবে পিঠায় কীটনাশক, হাসপাতালে একই পরিবারের ১১ জন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম

কালোজিরা ভেবে পিঠায় কীটনাশক, হাসপাতালে একই পরিবারের ১১ জন
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে পিঠা তৈরির সময় কালোজিরা ভেবে ভুল করে ধানক্ষেতে ব্যবহৃত দানাদার কীটনাশক মিশিয়ে ফেলার ঘটনায় একই পরিবারের ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) রমজাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকালে সবাইকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অসুস্থ হওয়া ব্যক্তিরা হলেন- আকলিমা (৩৫), সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), উম্মে হাবিবা (২১), সামিয়া (৪), শারমিন (২৩) ও মিতা (৩৫)।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক বিপ্লব হোসেন জানান, নতুন ঘর নির্মাণ উপলক্ষে পরিবারটি আত্মীয়স্বজনকে নিয়ে ছোট্ট আয়োজন করেছিল। রান্নাঘরে রাখা দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে বৃদ্ধা জুলেখা বিবি ভুলবশত পিঠার মিশ্রণে ব্যবহার করেন। পিঠা খাওয়ার কিছুক্ষণ পরই একে একে সবাই বমি ও মাথা ঘোরার মতো উপসর্গে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিতে হয়। তিনি বলেন, “পুরো ঘটনাই ছিল অনিচ্ছাকৃত—শুধু ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।”

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, রোগীদের ভর্তি করে দ্রুত ওয়াশের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত উপাদান অপসারণ করা হয়। চিকিৎসার পর তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি ভবিষ্যতে রান্নাঘর বা খাবারের জায়গায় কোনো ধরনের কীটনাশক বা ক্ষতিকর রাসায়নিক না রাখার অনুরোধ জানান।