সারাদেশ

খুলনায় আদালত চত্বরে গুলি ও কুপিয়ে দুই আসামি হত্যা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

খুলনায় আদালত চত্বরে গুলি ও কুপিয়ে দুই আসামি হত্যা
ছবি: সংগৃহীত

খুলনায় আদালত চত্বরে প্রকাশ্যে দুই আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা মহানগর আদালত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত দুজন হলেন ফজলে রাব্বি রাজন ও হাসিব। তারা সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি অস্ত্র মামলার আসামি ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে হাসিব নিহত হন; আর গুরুতর আহত রাজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। অপরজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে আদালতে হাজিরা শেষে আদালত ভবন থেকে বের হচ্ছিলেন দুই আসামি। ঠিক সেই সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। প্রথমে টার্গেট করে গুলি করা হয়, এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলেই হাসিব মারা যান। গুরুতর আহত রাজনকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। এ হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্বশত্রুতা বা গোষ্ঠীগত দ্বন্দ্ব রয়েছে কি না, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।