সারাদেশ
খুলনায় এনসিপি শ্রমিক শক্তির নেতাকে গুলি, যুবশক্তি নেত্রী তনিমা তন্বী আটক
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘শ্রমিক শক্তি’র খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যুবশক্তির এক নেত্রীকে আটক করেছে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে মহানগরীর টুটপাড়া এলাকা থেকে তনিমা তন্বী নামের ওই নেত্রীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম। আটক তনিমা তন্বী যুবশক্তির খুলনা জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার আল আকসা মসজিদ রোডের ১০৯ নম্বর মুক্তা হাউজের নিচতলার একটি বাসায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরপরই বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং পরে তা সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার তদন্তে গিয়ে পুলিশ সংশ্লিষ্ট কক্ষ থেকে গুলির খোসা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং মদের বোতল আলামত হিসেবে জব্দ করেছে। এসব আলামত ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।