সারাদেশ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোল পৌর বিএনপির শুভেচ্ছা মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোল পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে এক শুভেচ্ছা সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোল বলফিল্ড মাঠে আয়োজিত সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে বলফিল্ড মাঠ থেকে বেনাপোল বাজার পর্যন্ত একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শুভেচ্ছা সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও দলীয় এমপি প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের নেতা মহাসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যুবদল নেতা এমদাদুর রহমান এমদাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী জাতীয় নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।