সারাদেশ
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা: তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে, বইছে শৈত্য প্রবাহ
দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় জেলা চুয়াডাঙ্গা এখন কনকনে শীতের কবলে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল নয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৫%। উত্তরের হিমেল হাওয়ায় শৈত্য প্রবাহ বইতে থাকায় জনদুর্ভোগ বেড়ে গেছে। হাঁড় কাঁপানো ঠান্ডায় খেটে-খাওয়া মানুষ এবং প্রাণীকূল শীতে কষ্ট পাচ্ছে।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মোঃ জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৫%। বুধবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, বাতাসের আর্দ্রতা ছিল ৯৭%।
তাপমাত্রা ক্রমেই কমছে, শীতের তীব্রতা বেড়ে চলেছে। শীতের কারণে জনজীবনে সমস্যাও বেড়েছে; খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। তবে সকালবেলার সূর্যের সামান্য রোদের উষ্ণতা স্থানীয় মানুষের কাছে এখন একধরনের উপশম।
আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে। তাই বিশেষ করে অসহায় ও খেটে-খাওয়া মানুষের জন্য সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।