সারাদেশ
যশোরে বিএনপি নেতা হত্যা: চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির কড়া নজরদারি
যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের সীমান্ত অতিক্রমের চেষ্টা রুখতে চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকেই সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান রোববার (৪ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে যশোরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৫৫) নিহত হন। ঘটনার পরপরই হত্যাকারীদের আটক ও সীমান্ত পারাপার ঠেকাতে বিজিবি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা প্রধান খুঁটি ৭৫/৩-এস থেকে ১৩১/৮-আর পর্যন্ত প্রায় ১১৩ কিলোমিটার জুড়ে ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করে প্রতিটি এলাকায় তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টসহ দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সীপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, দাড়িয়াপুর, বুড়িপোতা, বাজতিপুর, ঝাঁঝাডাঙ্গা, ইছাখালী, রুদ্রনগর ও শৈলমারী বিওপি এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় বিজিবি।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্তে এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।