সারাদেশ
‘বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাব না’ বলা সেই নিজাম মারা গেছেন
বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার ঘোষণা দেওয়া ঝিনাইদহের নিজাম উদ্দিন মণ্ডল আর নেই। শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির এই একনিষ্ঠ সমর্থক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
নিজাম উদ্দিন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালের ৩১ মে থেকে তিনি ভাত সম্পূর্ণভাবে পরিহার করে রুটি, চিড়া, গুড়, কলাসহ বিভিন্ন শুকনা খাবার খেয়ে জীবনধারণ করে আসছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া মাহফিল ও খাবারের আয়োজন করা হয়। সে সময় স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী সেখানে গিয়ে রান্না করা খাবার নষ্ট করে দিলে অপমান ও ক্ষোভে নিজাম উদ্দিন এই প্রতিজ্ঞা করেন যে, বিএনপি ক্ষমতায় না ফেরা পর্যন্ত তিনি ভাত মুখে তুলবেন না। এরপর দীর্ঘ প্রায় এক দশক তিনি সেই সিদ্ধান্তে অটল ছিলেন।
নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম জানান, পরিবার ও চিকিৎসকরা বারবার তাকে ভাত খাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি প্রতিজ্ঞা ভাঙতে রাজি হননি। তার ভাষায়, প্রতিজ্ঞা ভাঙলে তিনি নিজেকেই ছোট করবেন বলে মনে করতেন। দীর্ঘদিন ভাত না খাওয়ার ফলে বয়সের সঙ্গে সঙ্গে তার শরীর দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হন।
পরিবারের সদস্যরা জানান, ২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তার নির্দেশে ফরিদপুর ও ঢাকায় চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শেষ পর্যন্ত শুক্রবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
নিজাম উদ্দিনের মৃত্যুর খবরে তার বাড়িতে রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ভিড় জমায়। স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমান বলেন, দলের প্রতি নিজাম উদ্দিনের এই ত্যাগ ও দৃঢ়তা বিএনপির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।