সারাদেশ
চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে নিহত বিএনপি নেতার জানাজা সম্পন্ন, দাফন কাল
চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে মারা যাওয়া জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫৩)-এর জানাজা বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে সম্পন্ন হয়েছে।
ডাবলুর ছোটভাই ও মা লন্ডন থেকে দেশে ফিরে বৃহস্পতিবার সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
জানাজার অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপি ও বিজিএমইএর নেতৃবৃন্দ, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ, সিআইপি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু সহ অন্যান্য রাজনৈতিক নেতা-কর্মী এবং স্থানীয় শুভানুধ্যায়ীরা।
জানাজার আগে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই ধরনের মৃত্যু আমরা প্রত্যাশা করি না। ডাবলুর মৃত্যুর সঠিক বিচার চাই এবং ভবিষ্যতে যেন আর কেউ এভাবে প্রাণ হারাতে না হয়।”
অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, “জেলা পুলিশের পক্ষ থেকে আমরা অত্যন্ত মর্মাহত। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে ঘটনার সুষ্ঠু বিচারে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক-উজ-জামান বলেন, “ঘটনাটি ভাষায় প্রকাশ করা কঠিন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে। তদন্তে যারা জড়িত, কেউ ছাড় পাবে না।”
পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত হাফিজা ফার্মেসি থেকে ডাবলুকে আটক করে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের সদস্যরা। পরে রাত ১২টার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।