সারাদেশ

বাঁশের লাঠিতে তেল মাখিয়ে রাখার নির্দেশ, জামায়াত প্রার্থীকে শোকজ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম

বাঁশের লাঠিতে তেল মাখিয়ে রাখার নির্দেশ, জামায়াত প্রার্থীকে শোকজ
মো. রুহুল আমিন। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রুহুল আমিনকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার এবং কর্মীদের ‘বাঁশের লাঠি’ ব্যবহারের প্রস্তুতির নির্দেশ দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটি জারি করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান এবং জীবননগর সিভিল জজ আদালতের বিচারক নাসির হুসাইন।

অভিযোগ অনুসারে, ১২ জানুয়ারি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দলের এক কর্মশালায় বক্তব্য দেন রুহুল আমিন। সেখানে তিনি নির্বাচনে জয়লাভের লক্ষ্যে কর্মীদের বাঁশের লাঠি তৈরি ও তেল মাখিয়ে সংরক্ষণের নির্দেশ দেন। এই বক্তব্যকে উসকানিমূলক এবং নির্বাচনী আচরণবিধির পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে। একই দিনে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এম এ সবুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

নির্বাচনী অনুসন্ধান কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে পেয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, রুহুল আমিনের বক্তব্যে লড়াই, রক্ত ঝরানো এবং বাঁশের লাঠি ব্যবহারের প্ররোচনা রয়েছে, যা জনমনে ভয় ও সহিংসতার আশঙ্কা তৈরি করেছে। এটি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫-এর ১৫ ও ১৬ বিধির সরাসরি লঙ্ঘন। কমিটি পর্যবেক্ষণ করেছে, প্রার্থীর এই বক্তব্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করেছে এবং অবৈধ প্রভাব বিস্তার করার চেষ্টা হিসেবে গণ্য হয়।

শোকজের বিষয়ে মো. রুহুল আমিন দাবি করেছেন, তার বক্তব্য কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না। তিনি বলেন, “ভোট চুরি প্রতিহত করার জন্য এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই কর্মীদের প্রস্তুতির কথা বলেছি। এটি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে না, বরং একটি পরিকল্পনা মাত্র।”

নোটিশ অনুযায়ী, ১৯ জানুয়ারি সকাল ১০:৩০টায় রুহুল আমিনকে সশরীরে বিচারিক কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে।