সারাদেশ

খুলনায় ব্যস্ত বাজারে পরিবহন শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:৪২ এএম

খুলনায় ব্যস্ত বাজারে পরিবহন শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর ব্যস্ততম ডাকবাংলা মোড় এলাকায় রূপসা-বাগেরহাট আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্রসহ অশোক ঘোষ নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে ডাকবাংলা মোড় এলাকায় বাজার করতে যান। এসময় পাঁচ সদস্যের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ওত পেতে থেকে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। গুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্য এবং উপস্থিত জনতা ধাওয়া করে অশোক ঘোষ নামে এক সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, "ঘটনার সময় পুলিশ ও স্থানীয়রা মিলে একজনকে অস্ত্রসহ আটক করেছে। এই হত্যাকাণ্ডে জড়িত বাকি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।"

এ ঘটনার পর খুলনার পরিবহন শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাসুম বিল্লাহর মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।