সারাদেশ

যশোরের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন আর নেই


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:৫২ পিএম

যশোরের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন আর নেই
ছবি: সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধে বৃহত্তর যশোর অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন (মনি) আর নেই।

শুক্রবার (১২ জুন) সকালে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপ-প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম জানান, আলী হোসেন শুধু একজন মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ের একজন প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর পর সকালে তার মরদেহ নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পরিবারের সদস্যরা জানান, যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে সদর উপজেলার কাজীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানা গেছে, আলী হোসেন ষাটের দশকে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তিনি ছয় দফা আন্দোলন ও ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন।

মুক্তিযুদ্ধের শুরুতেই ভারতে গিয়ে দেরাদুনে প্রশিক্ষণ নেন এবং পরে বৃহত্তর যশোর অঞ্চলে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেন।

স্বাধীনতার পর তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং জেলা জাসদের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দলীয় বিভক্তির পর জাসদের (ইনু) জেলা সভাপতি হন। ১৯৯৭ সালে জাসদ পুনরায় একীভূত হলে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।

দলীয় কোনো পদে না থাকলেও বিভিন্ন সময়ে আওয়ামী লীগের পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।