সারাদেশ
বেনাপোলে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, আটক ৩
যশোরের বেনাপোল বাজার এলাকা থেকে কাগজপত্রবিহীন কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২২ জুন) রাত ১টার দিকে বেনাপোল বাজারের দুর্গাপুর মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয় বলে জানায় বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটি চক্র বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকসের চালান বন্দর এলাকা থেকে বেনাপোল বাজারের দিকে নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে দুর্গাপুর মোড়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি ট্রাক আটক করে ক্যাম্পে নেওয়া হয়। পরে ট্রাকে থাকা চালক, হেলপার ও আরও একজনের কাছে পণ্যের বৈধ কাগজপত্র চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। এরপর ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস জব্দ করা হয়।
এ ঘটনায় ট্রাকচালক মহসিন আলী, হেলপার জাহিদ হাসান এবং ইন্দ্রজিৎ নামে একজনকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মূল্য কোটি টাকারও বেশি হতে পারে।