সারাদেশ
সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী`র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১
সুন্দরবনে বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বনবিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এ সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে সাকাত সরদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে বাহিনীটির প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে তাকে আবার কোস্ট গার্ডের সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে যান।
নিহত সাকাত সরদার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার ইজহার সরদারের ছেলে। তিনি তেঁতুলতলা গুচ্ছপাড়ায় বসবাস করতেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতালের নথি অনুযায়ী, রবিউল ইসলাম (৫০) নামে এক জেলেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, রবিউল ইসলামই ‘দুলাভাই বাহিনী’র প্রধান। এক সময় সুন্দরবনে ‘ইলিয়াস বাহিনী’র প্রভাব ছিল। ইলিয়াস নিহত হওয়ার পর ২০২৪ সালে তার বোনের স্বামী রবিউল নতুন একটি দল গড়ে তোলেন, যা স্থানীয়দের কাছে ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিতি পায়।
সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত রয়েছেন, তবে বিস্তারিত জানাতে কোস্ট গার্ডই সঠিক তথ্য দিতে পারবে।
এদিকে কোস্ট গার্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সুন্দরবনের কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে রাতভর বন্দুকযুদ্ধ হয়েছে এবং অভিযান এখনও চলমান রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।