সারাদেশ

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৫২ পিএম

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত। ছবি: ঢাকাপ্রকাশ

‘উন্নত দেশের সোপান ধরি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন কর্মসূচিতে জেলার নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি. এম. তারিক-উজ-জামান। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিনহাজ-উল-ইসলাম, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মারুফ সারোয়ার বাবু এবং অধ্যাপক সিদ্দিকুর রহমানসহ অন্যান্যরা।

এছাড়াও বিভিন্ন বাহিনীর সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে চুয়াডাঙ্গাকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।