সারাদেশ
চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার দর্শনা থানার মাদকপ্রবণ এলাকা আকন্দবারিয়াকে মাদকমুক্ত করার প্রত্যয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় দর্শনা আকন্দবারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে দর্শনা থানা পুলিশ।
স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির খান।
তিনি বলেন, মাদক শুধু একজন মানুষ নয়, একটি পরিবার, সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। আকন্দবারিয়াকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে হলে পুলিশের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক কারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা সমাজের শত্রু—তাদের বিরুদ্ধে তথ্য দিলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, যেসব এলাকায় মাদকের বিস্তার ঘটে, সেখানে সামাজিক অবক্ষয় বাড়ে এবং অনেক ক্ষেত্রে ছেলে-মেয়েদের বিয়েও বাধাগ্রস্ত হয়। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তব্য দেন দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক আহমদ আলী, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, আলহাজ্ব মশিউর রহমান, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, সদর উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আমিনুল মাস্টার, বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মাদক নির্মূল কমিটির আহ্বায়ক মুন্না।
বক্তারা বলেন, মাদক আকন্দবারিয়ার বড় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এর কারণে এলাকার শিক্ষিত ও সম্ভাবনাময় অনেক তরুণ-তরুণীর বিয়ে ভেঙে যাচ্ছে বা ভালো পরিবার থেকে প্রস্তাব আসছে না। একটি এলাকার ‘মাদকপ্রবণ’ পরিচয় পুরো সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।
সমাবেশে উপস্থিত সাধারণ মানুষ মাদকমুক্ত আকন্দবারিয়া গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।