সারাদেশ
চুয়াডাঙ্গায় বিরিয়ানি দোকানে ভোক্তা অধিকার অভিযান, বিক্রেতাদের জরিমানা
চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন বিরিয়ানি বিক্রির দোকানে অভিযান চালিয়ে এক বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের একাধিক বিরিয়ানি দোকানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরিয়ানি খেয়ে কয়েকজন অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দোকানগুলোতে অভিযান চালানো হয়।
তদারকির সময় খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়ায় ‘ঢাকা কাচ্চি বাড়ি’র স্বত্বাধিকারী আনিছজ্জামানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ‘শাহী নান্না বিরিয়ানি হাউজ’ ও ‘বিসমিল্লাহ বিরিয়ানি হাউজ’-এও তদারকি করা হয়। এসব প্রতিষ্ঠানের রান্নাঘর ও প্রদর্শনী কক্ষে কোনো নিষিদ্ধ বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা এবং ভবিষ্যতে নিষিদ্ধ উপাদান ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক, সাধারণ সম্পাদক সুমন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহলদার ইমরান রিন্টু, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশের একটি দল।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।