সারাদেশ

খুলনায় ছুটির দিনে ধসে পড়ল স্কুল ভবন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিক্ষার্থীরা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

খুলনায় ছুটির দিনে ধসে পড়ল স্কুল ভবন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলায় গাজী আবদুল জব্বার হাইস্কুল অ্যান্ড কলেজের একটি ঝুঁকিপূর্ণ দ্বিতল একাডেমিক ভবনের বড় অংশ ধসে পড়েছে। নতুন ভবন নির্মাণের কার্যাদেশ জারির আগেই এই দুর্ঘটনা ঘটে, যা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত দুরবস্থার চিত্র স্পষ্ট করেছে।

শুক্রবার বিকেলে ভবনটির দ্বিতীয় তলার ছাদসহ সামনের অংশ হঠাৎ করেই ভেঙে পড়ে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ওই সময় ভবনে কোনো শিক্ষক বা শিক্ষার্থী উপস্থিত না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাধ্যমিক শাখার ক্লাস চলা ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। ভবনের ছাদ ও পিলারে বড় ফাটল দেখা দিয়েছিল, পলেস্তারা খসে পড়ছিল এবং অনেক স্থানে রড বেরিয়ে আসে। বর্ষা মৌসুমে ছাদ চুইয়ে পানি পড়াও ছিল নিয়মিত ঘটনা। এসব কারণে নতুন ভবন নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও কার্যাদেশ জারি না হওয়ায় নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যেই পুরোনো ভবনটি ধসে পড়ে।

হঠাৎ এ ঘটনায় শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সাময়িক সমাধান হিসেবে আগামী রবিবার থেকে পাশের একতলা ভবনে মাধ্যমিক ও কলেজ উভয় শাখার ক্লাস একসঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।