সারাদেশ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা!


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম

কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা!
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আর্জেন্টিনা ফুটবল দলের এক সমর্থকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত সুমন সরদার (৩০) উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার বাসিন্দা এবং আবজাল সরদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন সরদার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে বন্ধুদের সঙ্গে বাইরে ছিলেন। খেলা শেষে খাওয়া-দাওয়া করে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে রাতের কোনো একসময় ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদুর রহমান জানান, সুমন আর্জেন্টিনা দলের সমর্থক ছিলেন। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।