সারাদেশ

প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন সাতক্ষীরার যুবক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম

প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন সাতক্ষীরার যুবক
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন এক যুবক। প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

দলত্যাগকারী দেলোয়ার হোসেন (৩৫) ওই গ্রামের মুনসুর সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দেলোয়ার হোসেন জানান, সাম্প্রতিক কিছু ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন। একজন কর্মী হিসেবে পরিস্থিতি মেনে নিতে না পেরে বিবেকের তাড়নায় তিনি দলীয় সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।

স্থানীয়দের দাবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও বিতর্কের পর ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নেন। এরই প্রতিবাদ হিসেবে এলাকাবাসীর উপস্থিতিতে প্রতীকীভাবে এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।

এ বিষয়ে নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দেলোয়ার হোসেন দলের একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।