সারাদেশ
খুলনায় তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
খুলনা নগরীর লবণচরা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা থেকে রাতের মধ্যে পৃথক ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লবণচরা থানার হরিণটানা এলাকার আশি বিঘার বালুর মাঠে ফুটবল খেলা নিয়ে এক পক্ষের সঙ্গে মঞ্জুরুল ইসলামের কথা-কাটাকাটি হয়। পরে আশি বিঘা কালভার্টের কাছে তাকে পেয়ে প্রতিপক্ষের লোকজন পেটে ছুরিকাঘাত করে এবং বাম পায়ে গুলি করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মঞ্জুরুল ইসলামকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর প্রায় তিন ঘণ্টা পর রাত পৌনে ১০টার দিকে একই এলাকার শিশু বাগান আশি বিঘা এলাকায় নাজমুল নামের ১৯ বছর বয়সী আরেক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের ভাষ্য, গুলিবিদ্ধ হয়ে নাজমুল ঘটনাস্থলে পড়ে যাওয়ার পরও দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশাররফ হোসেন জানান, আশি বিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মঞ্জুরুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, দুই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। একই সঙ্গে ঘটনাগুলোর তদন্ত চলছে।
খুলনা সদর থানার সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, লবণচরা এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর মরদেহ সিআইডির সদস্যরা ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, দুই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।