সারাদেশ
কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু
ঘরে তখন নববধূ। বাড়িজুড়ে বিয়ের সাজসজ্জা আর আনন্দ-উৎসব। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। বিয়ের দিন বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন আনাস (২৫) নামের এক যুবক।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদী এলাকায় আনাসের বিয়ে হয়। বিকেলে নববধূকে নিয়ে বাড়িতে ফেরেন তিনি। বিয়ে উপলক্ষে রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন চলছিল।
এ সময় প্যান্ডেলের পাশে একটি চেয়ারে বসেছিলেন আনাস। হঠাৎ একটি বৈদ্যুতিক পাখা তার ওপর পড়ে যায়। পাখাটির মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয়দের ধারণা, পাখাটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। এ ঘটনায় নববধূসহ পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
আনাসের সাবেক স্কুলের প্রধান শিক্ষক মহসিন রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, গত ১৯ আগস্ট আনাসের সঙ্গে তার হাসিমুখে দেখা হয়েছিল। আনাসকে তিনি শাসন করার পাশাপাশি ভালোবাসতেন। দেখা হলেই আনাস মজা করে তাকে মারতে বলতেন। মৃত্যুর একদিন আগেও একই কথা বলেছিলেন আনাস। এরপরই তার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। তার আত্মার মাগফিরাত কামনা করেন সাবেক এই শিক্ষক।