সারাদেশ
খুলনায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে দুই দফা ককটেল বিস্ফোরণ
খুলনা নগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি কার্যালয় বন্ধ হওয়ার কিছুক্ষণ পর পরপর দুটি বিকট শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
তবে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আশপাশের বিভিন্ন স্থানে থাকা নজরদারি ক্যামেরার ধারণ করা দৃশ্য পর্যালোচনা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।