সারাদেশ

পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড়, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম

পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড়, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মাগুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার অভিযোগে নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এবং মাগুরা সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে মাগুরা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে পুলিশ সদস্য মো. ইমরান হোসেনের সঙ্গে নাঈমুজ্জামান নয়নের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন প্রকাশ্যে ইমরানকে থাপ্পড় দেন। ওই ঘটনার ভিডিও ধারণ করা হলে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ইমরান হোসেন মাগুরা পুলিশ লাইন্সে কর্মরত। ঘটনার পর শুক্রবার রাত ৮টার দিকে নাঈমুজ্জামান নয়নকে সঙ্গে নিয়ে সদর থানায় যান পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ দলটির কয়েকজন নেতা। সেখানে ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করে পুলিশ সদস্য ইমরান হোসেনের কাছে ক্ষমা চান নয়ন। পরে বিষয়টি মীমাংসা করা হয়।

তবে ঘটনার পরও পুলিশের মধ্যে ক্ষোভ অব্যাহত ছিল বলে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন বলেন, থানার একটি দল অভিযান চালিয়ে নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে আদালতে পাঠানো হবে।