সারাদেশ

খুলনায় জুট মিলের ভেতর শ্রমিক দল নেতাকে হাতুড়িপেটা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ এএম

খুলনায় জুট মিলের ভেতর শ্রমিক দল নেতাকে হাতুড়িপেটা
ছবি: সংগৃহীত

খুলনার রূপসায় শ্রমিক দল নেতা রিপন আকনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের মিলকি দেয়াড়া এলাকায় স্ট্যান্ডার্ড জুট মিলের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

আহত রিপন আকন মিলকি দেয়াড়া গ্রামের ইউসুফ আকনের ছেলে। তিনি ২১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি। পাশাপাশি খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতির দায়িত্বেও রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বাড়ি ফেরার পথে কয়েকজন ব্যক্তি রিপন আকনের ওপর হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি স্ট্যান্ডার্ড জুট মিলের ভেতরে আশ্রয় নেন। পরে হামলাকারীরা সেখানে গিয়ে তাকে খুঁজে বের করে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

একপর্যায়ে গুরুতর আঘাতে জ্ঞান হারিয়ে ফেলেন রিপন। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

একাধিক সূত্রের দাবি, শ্রমিক ইউনিয়নকেন্দ্রিক বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। হামলায় জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।