সারাদেশ

যশোরে নিজ বাড়ি থেকে দুই শিশু সন্তানসহ বাবার মরদেহ উদ্ধার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

যশোরে নিজ বাড়ি থেকে দুই শিশু সন্তানসহ বাবার মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় দুই শিশুসন্তানসহ কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুই শিশুকে হত্যার পর কামাল হোসেন আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কামাল হোসেন ওই গ্রামের মৃত নেদন আলীর ছেলে।

পুলিশ জানায়, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তার মোট সাত সন্তান রয়েছে। সম্প্রতি আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর পাঁচ বছর বয়সী সাবির ও আড়াই বছর বয়সী জাবির বাবার সঙ্গে থাকছিল।

মঙ্গলবার বিকেলে কামালের বসতঘর থেকে শিশু দুটির গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়। পরে বাড়ির উঠান থেকে কামাল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, পারিবারিক কলহের জেরে দুই শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা কামাল হোসেন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।