সারাদেশ

যশোরে শ্রমিক লীগ নেতার নাতির ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ এএম

যশোরে শ্রমিক লীগ নেতার নাতির ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
ছবি: সংগৃহীত

যশোরে শ্রমিক লীগ নেতা হারুণ অর রশিদ ফুলুর নাতি অংকনের ছুরিকাঘাতে সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রব আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কলেজের পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত ফয়সালকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফয়সাল হাসান তদ্রব যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার রবিউল ইসলামের ছেলে। অভিযুক্ত অংকনের বয়স ১৮ বছর। তার বাড়ি মোল্লাপাড়া আমতলা এলাকায়। তবে তার বাবার পরিচয় জানা যায়নি।

ফয়সাল হাসান তদ্রব জানান, কলেজের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির বিষয় নিয়ে অংকনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অংকন তার নিতম্বে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করেন ফয়সাল। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত ফয়সালের নিতম্বে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুরুষ সার্জারি বিভাগে তার চিকিৎসা চলছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তদন্ত শাখার দায়িত্বপ্রাপ্ত কাজী বাবুল হোসেন জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।